পাকুন্দিয়ায় এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে আবদুল্লাহ (১২) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) ভোরে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

শিশু আবদুল্লাহ পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার রায়েরপাড়া গ্রামের সুন্দর আলী ছেলে। সে পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের তৌহিদুল ইসলাম বাচ্চুর পোল্ট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করতো।

শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ফার্মের পাশের একটি টিনশেড ঘরে ঘুমাতে যায় সে। শনিবার (৯ জানুয়ারি) ভোর রাতের দিকে তাকে ওই ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অপর এক শ্রমিক।

পরে ফার্মের মালিক থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ওই শিশুর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কেন সে আত্মহত্যা করেছে, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর