নাটোরের নলডাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে তাদের আদালদে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের সিরাজ দেওয়ানের ছেলে ইব্রাহীম দেওয়ান এবং তার সহযোগী একই এলাকার আবেদ আলীর ছেলে বকুল হোসেন। তাদের অপর সহযোগী একই গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে রেজাউল করিমকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত বছরের ৩ অক্টোবর নলডাঙ্গা উপজেলার এক গৃহবধূ ভিজিএফ কার্ড করে নেয়ার জন্য পিপরুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহীম কৌশলে ওই গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় ইব্রাহীমের সহযোগী বকুল ধর্ষনে সহযোগীতা করে এবং রেজাউল তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। সম্প্রতি ভিডিওটি প্রকাশ পায়। ইব্রাহীমের ভয়ভীতি ও নজরদারি এড়িয়ে ২ মাস পর শুক্রবার রাতে নলডাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগ এনে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে ঐ গৃহবধূ। এর পরে রাতেই অভিযান চালিয়ে বাঁশভাগ গ্রাম থেকে ইব্রাহীম ও তার সহযোগী বকুলকে গ্রেফতার করে পুলিশ। অপর অভিযুক্ত রেজাউলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার সকালে গ্রেফতারকৃতদের নাটোর কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরের পর তাদের সিনিয়র জুডির্শিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হবে।
বার্তাবাজার/পি