ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ডাক পাননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
সেই সিরিজেই ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি। নেতৃত্ব ছাড়ার পরের সিরিজেই দলে জায়গা পেলেন না তিনি। তবে মাশরাফির মত একজন ক্রিকেটারের না থাকা দলের শক্তি কমিয়েছে।
সেই সঙ্গে মাশরাফির অভিজ্ঞতার অভাব সবাই অনুভব করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি আকরাম খান।
তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়। ওর মত একজন খেলোয়াড়ের স্কোয়াডে না থাকা দলের শক্তি কমিয়েছে। ওর অভিজ্ঞতার অভাব সবাই অনুভব করবে।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
বার্তাবাজার/এস.জি