‘জোর-জবরদস্তি নয়, অতিরিক্ত রক্তক্ষরণেই মারা গেছেন আনুশকা’

রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় ধর্ষণের পর মারা যাওয়া ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী আনুশকার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণেই হয়েছে বলে আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। আনুশকাকে কোনো রকম জোর-জবরদস্তির আলামত না পাওয়ার কথাও জানান তারা।

শুক্রবার (৮ জানুয়ারি) আনুশকার ময়নাতদন্তের পর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য জানান।

ডা. সোহেল মাহমুদ জানান, ময়নাতদন্তকালে আমরা দেখতে পাই তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আর সেটি হয়েছে মূলত তার ‘ভ্যাজাইনাল’ এবং ‘রেক্টাম’ রক্তক্ষরণ। দুইভাবে রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে। এটা আপাতদৃষ্টিতে বিকৃত যৌনাচার মনে হয়েছে।

জোর-জবরদস্তির প্রসঙ্গে তিনি বলেন, এখানে জোর-জবরদস্তির কোনো আলামত পাইনি। তবে আমরা দুই পথেই কিছু ‘ইনজুরি’ পেয়েছি। সেই ইনজুরিগুলোর জন্যই রক্তক্ষরণ হয়েছে এবং মারা গেছে।

গণধর্ষণের কোনো আলামত পাওয়ার বিষয়ে তিনি জানান, আমরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করেছি। ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে এ বিষয়ে বলা যাবে।

উল্লেখ্য, আনুশকাকে ধর্ষণের কথা স্বীকার করে শুক্রবার (৮ জানুয়ারি) আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত দিহান। ধর্ষণের সময় সেখানে তিনি ছাড়া আর কোনো বন্ধু ছিলনা বলেও জানান দিহান।

এদিকে নিহত আনুশকাকে কুষ্টিয়ায় দাফন করা হবে বলে জানিয়েছেন তার বাবা মো. আল আমিন। ময়নাতদন্তের পর আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাতে তারা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সেখানে ফজর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আনুশকাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর