নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় অবিলম্বে পিআইসি গঠন করে সকল হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওর পাড়ে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাটিয়ান হাওর পাড়ের কৃষক সিরাজুল ইসলাম, বশির আহমদ, হাদিস আলী, জাহান আলম, জালাল আহমেদ, সেতারা মিয়া।
বক্তারা বলেন, গত দুই বছর এমন সময় সকল পিআইসি গঠন করে পূরোদমে কাজ চলছিল। এবছর এখনো পিআইসিই গঠন করা হয়নি। কাজ কখন শুরু হবে? এবার এমনিতেই জলাবদ্ধতার কারণে দেরিতে ধান রোপণ করতে হয়েছে তাই ধান কাটতেও দেরি হবে। এতে অকাল বন্যায় ফসলহানীর ঝুঁকি বেড়ে যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শক্ত করে বাঁধ নির্মাণ করতে হবে।’
সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন, কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন ও ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ২০ ভাগ পিআইসি ও গঠিত হয়নি। বাঁধের কাজও শুরু হয়নি। এটা কোনো ভাবেই কাম্য নয়। দেরিতে কাজ শুরু করলে তাড়াহুড়ো করে দুর্বল বাঁধ নির্মাণ হয়। এতে ফসলহানীর ঝুঁকি বেড়ে যায়। করোনা ভাইরাসের কারণে মানুষের আয় রোজগার এমনিতেই নেই। তার উপর হাওরে কোনো দুর্যোগ ঘটলে হাওর বাসীর দুর্ভোগের কোনো সীমা থাকবে না। তখন সংশ্লিষ্টদের এর দায় নিতে হবে।
বার্তাবাজার/এ.আর