যুবককে অপহরণ: নারীর সাথে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ দাবি

নোয়াখালীর চাটখিলে এক প্রবাসী যুবককে অপহরণের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা ওই যুবককে অপরহণ করে নিয়ে এক নারীর সাথে বিবস্ত্র করে ছবি তুলেছেন। পরে সেই ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর শুক্রবার (৮ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির করা হয়।

জানা যায়, উপজেলার খিলপাড়া ইউনিয়নের মজ্জতপাড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে সৌদি আরব প্রবাসী মাসুদ গত ২৫ ডিসেম্বর নিজেদের বাড়ি থেকে চাটখিল সদরে যাচ্ছিলেন। খিলপাড়া এলাকায় পৌঁছার পর কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাকে জিম্মি করে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যান।

পরে অমানুষিক নির্যাতনের পাশাপাশি এক নারীর সাথে তার বিবস্ত্র ছবি তুলে অপহরণকারীরা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করে মুক্তিপণ। ভুক্তভোগী মাসুদের পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ১ লাখ ৫৩ হাজার টাকা অপহরণকারীদের পাঠানোর পর চোখমুখ বেঁধে রাতের আঁধারে ফেলে রেখে যায় তাকে।

মুক্তি পেয়ে চাটখিল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন মাসুদ। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি দিদার হোসেন জনি, বাবু হোসেন ও ছালাউদ্দিন কামরানকে আটক করে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই অপহরণ ও ছবি তোলার বিষয়টি স্বীকার করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর