করোনার জন্য স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (০৮ জানুয়ারী) নগরের বহদ্দারহাটে বহদ্দার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় ও পারিবারিক কবরস্থানে পিতা-মাতা ও পূর্ব-পুরুষদের কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
নির্বাচনী প্রচারনার প্রারম্ভে রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম দেশের বানিজ্যিক রাজধানী। প্রাকৃতিক সৌন্দর্যসহ নানান কারণে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে এই চট্টগ্রামে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চট্টগ্রামকে মূল্যায়ন করেছেন। আর কেউ সেভাবে চট্টগ্রামকে মূল্যায়ন করতে পারেনি। চট্টগ্রামের বৃহত্তর উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর রয়েছে বৃহৎ পরিকল্পনা। যা বাস্তবায়ন করার লক্ষ্যে নৌকায় ভোটের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, চট্টগ্রামের মানুষের ভালোবাসা ও রায় নিয়ে প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রথমে মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামে উন্নয়নের নব দুয়ার খুলে দিয়েছিলেন। তৎকালীন বিএনপি সরকারের চরম অসহযোগিতা সত্বেও তিনি করর্পোরেশনে আয়ের খাত সৃষ্টি করে চট্টগ্রামের অভাবনীয় উন্নয়ন সূচিত করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যার মনোনীত প্রার্থী ও মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ট সহচর হিসেবে চট্টগ্রামের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রম করবো। চট্টগ্রামকে আধুনিক ও স্মার্ট শহরে পরিণত করে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবো। এজন্য জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদন জানাই।
এ সময় রেজাউল করিম চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য সামশুল আলম, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদসহ অন্যান্য নেতাকর্মী।
বার্তাবাজার/এ.আর