বাগেরহাটের শরণখোলায় একটি বিদেশী পিস্তলসহ মোঃ ফারুক সেপাই (৫১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি দল। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে শরণখোলার আমড়াগাছিয়া বাজার থেকে গ্রেফতার করে তাকে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৫টায় শরণখোলা থানায় হস্তান্তর করে র্যাব।
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সীম কার্ড ও নগদ ১১০০ চল্লিশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ফারুক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃতঃ এনায়েত সেপাইর পুত্র।
খুলনা র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান বার্তা বাজারকে জানান, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শরণখোলার আমড়াগাছিয়া বাজারে অভিযান চালায়। ফারুক র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তলসহ উল্লেখিত মালামাল পাওয়া যায়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান বার্তা বাজারকে জানান, র্যাব অস্ত্রসহ আসামী ফারুক সেপাইকে শুক্রবার বিকেল ৫টার দিকে শরণখোলা থানায় হস্থান্তর করে। এব্যপারে র্যাবের পরিদর্শক রাজিউজ্জামান বাদী হয়ে শরনখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরন করা হবে।
বার্তাবাজার/এ.আর