মাগুরা শহরের দোয়ার পাড় এলাকার সর্দার পাড়ায় “ইংলিশ ক্লাব, মাগুরা” এর উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে ইংরেজি শেখার সুযোগ সৃষ্টি হয়েছে। মূলত, আর্থিকভাবে দুর্বল পরিবারের চাকরিপ্রার্থীদের জন্য এ উদ্যোগ শুরু করা হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি সহ সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য এ সুযোগ উন্মুক্ত থাকছে।
“ইংলিশ ক্লাব, মাগুরা” সূত্রে জানা যায়, চাকরিপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য ইংরেজির পাসাপাসি বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়েও সাধারণ সহায়তা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রূপালী ব্যাংক লিমিটেড, মাগুরা কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সন্দীপন বিশ্বাস।
তিনি বলেন, “আর্থিক দুর্বলতার কারনে অনেকেই মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। আর চাকরি পরীক্ষায় ইংরেজিতে ভালো করার অর্থ, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকা।“
রাজশাহী বিশ্ববিদ্যালের ইংরেজি বিভাগের সাবেক এই ছাত্র যোগ করেন, “বাংলাদেশের অনেকেরই ধারনা, ঘুষ-দুর্নীতি ছাড়া এদেশে চাকরি হয় না। আসলে বিষয়টি সত্য নয়। আমি নিজেও ৩০০টাকা দিয়ে আবেদন করে চাকরি পেয়েছিলাম আর চাকরিপ্রার্থীদের জন্য বলবো, সঠিক প্রস্তুতি থাকলে আপনারাও সেটা পেতে পারেন।
তিনি আরো যোগ করেন, “ইংলিশ ক্লাব, মাগুরা” কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয়। আর্থিক অবস্থা বিবেচনায় শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সাধ্য অনুযায়ী নামমাত্র আর্থিক সহায়তা নেওয়া হবে, প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় নির্বাহ করার জন্য। এটি কোন প্রথাগত কোচিং সেন্টার বা প্রাইভেট কেন্দ্র নয়, পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত একটি শিক্ষাসেবামূলক প্রতিষ্ঠান!
সন্দীপন বিশ্বাস প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করতে সকলের নিকট দোয়া ও মানসিক সমর্থন কামনা করেছেন।
বার্তাবাজার/পি