ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের অন্তত চারজন মৃত্যু হয়েছে। দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে সন্দেশখালির নাইজাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
শনিবার সন্ধ্যায় জেলার সন্দেশখালির ন্যাজাটের হাটগাছিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বোমা বিস্ফোরণ ও গোলাগুলি হয়। বাড়িঘর ও দোকানপাটে হামলার পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে।
সন্দেশখালির হাটগাছিতে লোকসভা ভোটে বেশি আসন পেয়েছিল বিজেপি। গত কয়েকদিন ধরে ওই এলাকাটি উত্তপ্ত ছিল। অভিযোগ উঠেছে, শনিবার বিজেপির পতাকা খুলতে যায় তৃণমূলের লোকজন। বাধা দেন বিজেপি কর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীদের আক্রমণে তাদের তিন কর্মীর মৃত্যু হয়েছে। দলটির আরো দাবি, আরো প্রায় ১৫ জন কর্মী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। বিজেপির হামলায় কাইয়ুম মোল্লা নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন উত্তর চব্বিশ পরগণার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
সংঘর্ষের ঘটনায় সরাসরি তৃণমূল প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি পুরো বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র ২টি আসনে জিতেছিল বিজেপি। তবে এবার তা বেড়ে হয়েছে ১৮। অন্যদিকে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ২২টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, ২০১৪ লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল ৩৪টি আসন।