করোনার ভ্যাক্সিন সংগ্রহের জন্য একনেকে পাস হওয়া ৬ হাজার কোটি টাকার পুরোটাই লুট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে ফেলানি হত্যাকাণ্ড উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, সরকার জনগণকে মহামারির মধ্যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর নিজেরা এমন বৃত্তের মধ্যে আছে, যেখানে মশা-মাছি দূরে থাক, ভাইরাসও ঢুকতে পারবে না। করোনা ভ্যাক্সিন আনার টাকা থেকে একটা বড় অংশ সরকারের কর্তাব্যক্তিদের কাছে চলে যাবে।
বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসলে বেক্সিমকো টিকার এই চুক্তিটা করেছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন বেক্সিমকো? এই লোকটা (সালমান এফ রহমান), এই দরবেশ, সে তো অভিযুক্ত ব্যক্তি। ২০১০ সালে শেয়ার মার্কেটকে ধ্বংস করার জন্য দায়ী এই ব্যক্তি। তাঁর কম্পানি বেক্সিমকো ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এখানে জনগণের কোনো স্বার্থ নেই।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বার্তাবাজার/এসজে