আজ শুরু হচ্ছে চসিক নির্বাচনী প্রচারণা

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। আগামী ২৭ জানুয়ারী অনুুুুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচানের আনুষ্ঠানিক প্রচারণায় ভোটের লড়াইয়ে ফের মাঠে নামছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র, সংরক্ষিত ও কাউন্সিলর প্রার্থীরা।

চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী নগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ নিয়ে বিএনপি থেকে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম প্রতীক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ (চেয়ার প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী।

এবার চসিকের নির্বাচনে মেয়র প্রার্থীসহ নির্বাচনে অংশগ্রহণ করছেন ২২৬ জন। যেখানে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে (পুরুষ) ১৬৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বার্তা বাজারকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে আজ (শুক্রবার) দুপুর থেকে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনেই এসব প্রচারণা চালাতে হবে।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত মার্চ মাসে স্থগিত হওয়া নির্বাচনের প্রার্থীদের মধ্যে তিনটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ায় ওই চারটি ওয়ার্ডে নতুন করে তফসিলও ঘোষণা করা হয়েছে। সেই চারটি ওয়ার্ডেরও প্রতীক বরাদ্দ হবে শুক্রবার (৮ জানুয়ারি)। এই প্রতীক নিয়েই তারা প্রচারণা শুরু করতে পারবেন।

এদিকে প্রধান দুই প্রার্থী জুমার নামাজ পড়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নৌকার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নিজেদের পারিবারিক মসজিদ বহদ্দারবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়ে প্রচারণায় যাবেন। তিনি ১ নম্বর পাহাড়তলী, ২ নম্বর জালালাবাদ ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে দিনভর প্রচারণা করবেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন জুমার নামাজ পড়বেন আমানত শাহ’র মাজার সংলগ্ন মসজিদে। পরে মাজার জেয়ারতের পর পাথরঘাটা, বকশির হাট, আন্দরকিল্লা ও ফিরিঙ্গী বাজার এলাকায় প্রচারণা করবেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতিতে ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ইভিএমের মাধ্যমেই ভোটগ্রহণ হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৪১টি ওয়ার্ডের মধ্যে ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন ও নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টি স্থায়ী ও দুটি অস্থায়ী। বুথ সংখ্যা রয়েছে ৪ হাজার ৮৮৬টি ভোট কক্ষ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর