নওগাঁর মান্দায় ইউনিয়ন ভূমি অফিসারের সাথে তর্ক করায় এক নারী ও তার দুই ছেলেক ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তাদেরকে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী হাসিনা বানু ও তার দুই ছেলে সিফাত এবং সজীব।
জানা যায়, বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ছাগলের জন্য কাঠালপাতা সংগ্রহ করতে ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে প্রবেশ করেন হাসিনা বানু। তখন তার পোষা একটি ছাগলও পিছু পিছু সেখানে চলে যায়। এই নিয়ে ইউনিয়নে কর্মরত উপ-সহকারী ভূমি কর্মকর্তা লতিফুর রহমান ক্ষিপ্ত হয়ে হাসিনা বানুর সাথে তর্কে জড়ান।
এক পর্যায়ে হাসিনা বানুকে ধাক্কা দিয়ে ফেলে লাঞ্ছিত করেন লতিফুর। পরে হাসিনা বানু হাতে থাকা দড়ি দিয়ে লতিফুরকে আঘাত করেন। মায়ের সাথে বিতণ্ডার খবর পেয়ে সেখানে ছুটে আসেন সিফাত ও সজীব। পরে আবারও তর্কের সৃষ্টি হয়।
হাসিনা বানু তার দুই ছেলেকে সাথে নিয়ে বাড়িতে চলে যাওয়ায় ঘন্টা দুয়েক পর তার স্বামীকে ডেকে নেওয়া হয় ভূমি অফিসে। বলা হয় তার স্ত্রি ও দুই ছেলেকে ডেকে আনতে। তখন সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক এসে উপস্থিত হন।
তিনি পুলিশ নিয়ে তাদেরকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে যান। সেখানে আদালত বসিয়ে তাদেরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।
এ বিষয়ে নুরুল্লাবাদ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা লতিফুর রহমান জানান, ছাগল নিয়ে তর্কের জেরে ওই নারী আমাকে দড়ি দিয়ে দুইবার আঘাত করে। আমি তার গায়ে হাত তুলিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক বলেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে হাসিনা বানু এবং হুমকি দেওয়া অভিযোগে সিফাত ও সজীবকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে