এইচএসসির ফলাফল এখনই প্রকাশ হচ্ছে না

মহামারি করোনাকালে উচ্চ মাধ্যমিক ও সমমান (এইচএসসি) পরীক্ষা গ্রহণ না করে জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে ‘অটোপাশ’ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে অধ্যাদেশ জারির বিলম্বের কারণে এখনও প্রকাশিত হচ্ছে না ফলাফল। অধ্যাদেশ জারি হলে চলতি মাসের শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে ফলাফল প্রকাশ হতে পারে।

আগামি ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উপস্থাপন করার কথা রয়েছে। সেখানে অনুমোদন পেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে জারি হবে অধ্যাদেশ।

কিছুদিন আগে জানুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসির ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘোষণা দিলেও অধ্যাদেশের বিষয়টার জন্য তা আর হয়নি। তবে গত ৪ জানুয়ারি মন্ত্রিপরিষদের সভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সভা বাতিলের সাথে সাথে সেই সম্ভাবনাও আর নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, মন্ত্রিপরিষদের আগামী সভায় অধ্যাদেশের জন্য অনুমোদন দেওয়া হলেও পরে বেশ লম্বা একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আইন মন্ত্রণালয় থেকে নিরীক্ষা করে এনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আলাদা আলাদাভাবে সাক্ষরের জন্য পাঠানো হবে। পরে জারি করা হবে।

তিনি আরও জানান, অধ্যাদেশ জারি করার এক সপ্তাহ পরে ফল প্রকাশ করা হবে। সেই মোতাবেক জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে হতে পারে ফলাফল প্রকাশ ।

তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, ফলাফল তৈরীর কাজ প্রায় শেষ। অধ্যাদেশ জারির এক সপ্তাহ পরেই ফলাফল প্রকাশ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর