কবর খুঁড়তেই আরবি হরফের ছাপ

কবর খুঁড়তেই দেখা গেলো আরবি হরফের ছাপ। অবাক হলেও ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে।

বৃহস্পতিবার সকালে এক ব্যাক্তির দাফনের উদ্দেশ্যে সদ্য খনন করা কবরের দেওয়ালের গায়ে মাটিতে আরবি হরফের ন্যায় ছাপ দেখা গেছে। এ খবরটি পেয়েই ভিড় জমায় উৎসুক জনতা।

এদিকে ঐ কবরের পাশে পুলিশ মোতায়েন করেছে মানুষের ভিড় সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তেীহিদুর রহমান এবং ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বুধবার (৬জানুয়ারী) রাতে পানিমাছকুটি গ্রামের মৃত জব্বার মুন্সির ছেলে ইসরাঈল হোসেন ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ দাফনের উদ্দেশ্যে পানিমাছকুটি গ্রামের বাড়িতে কবর খনন করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কবর খননের সময় স্থানীয় একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থী প্রথম কবরের গায়ে মাটিতে আরবি হরফের ছাপ দেখতে পেয়ে কবর খননকারী আব্দুল বারী ও আমির আলীকে জানায়। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষের ঢল নামে। পরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে শৃঙ্খলা রক্ষায় ওই কবরে পাশে পুলিশ মোতায়েন করে।

মৃত ইসরাঈল হোসেনের ভাতিজা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার চাচা ঢাকায় হঠাৎ হার্ট এ্যাটাক করে মারা যান। আজ বৃহস্পতিবার বাদ জোহর তাকে দাফন করার উদ্দেশ্যে বাড়ির পাশে কবর খনন করা হচ্ছিল। কিন্তু সকালে কবর খননের সময় হঠাৎ করে কবরের গায়ের মাটিতে আরবি হরফ দেখা যায়। খননকারীরা কবরের মাটি যত ছেঁচতে থাকেন ততই লেখা স্পষ্ট হতে থাকে। ছেঁচতে ছেঁচতে কবরের আকার বড় হতে থাকলেও আরবি হরফের চিহ্ন মুছে যাচ্ছিল না বরং আরো স্পষ্ট হচ্ছিল। পরে খবর পেয়ে স্থানীয় আলেমরা এসে নিশ্চিত করেন যে ছাপগুলো আরবি হরফের।’

আবু বকর জানান, আলেমরা বলেছেন যে কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিসমিল্লাহ, ইয়া ও শিন লেখার হরফের ছাপ এবং অপর পাশে মিম, হা এবং মিম হরফের ছাপ রয়েছে।

ওই কবর দেখতে যাওয়া উপজেলার নন্দিরকুটি চৌপথি জামে মসজিদের খতিব আনিছুর রহমান বলেন, কবরের পশ্চিম পাশের গায়ে মাটিতে উপরের অংশে বিসমিল্লাহ লেখার ছাপ এবং নিচে স্পষ্ট ভাবে ইয়া এবং শিন হরফের ছাপ রয়েছে। আর কবরের পূর্ব পাশের গায়ে মাটিতে মিম, হা ও মিম হরফের ছাপ রয়েছে। এই তিন (মিম, হা ও মিম) হরফ দিয়ে মোহাম্মদ লেখা বোঝায়।

ওসি রাজীব কুমার রায় জানান, খবর পেয়ে ওই কবরের স্থানে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। শৃঙ্খলা রক্ষায় দাফন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।

এ বিষয়ে ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে কবরে আরবি হরফের ছাপ ভেসে ওঠার খবর পেয়েছি। তবে সেগুলো আরবি হরফ কিনা তা আলেমরা ভালো বলতে পারবেন। ওই স্থানে উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর