দেশের মানুষ এই সরকারের আমলে খাবার না পেয়ে অটো ডায়েটিং করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেলানী হত্যাকাণ্ড উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, যাদের খাবারের অভাব নাই তাদের দেহে মেদ জমে বলে ডায়েটিং করে তা নিয়ন্ত্রণ করেন। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে দরিদ্র, নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষ খেয়ে না খেয়ে অটো ডায়েটিং করছেন। তাদের ডয়েট করার দরকার নেই তবুও হয়ে যাচ্ছে।
রিজভী আরও বলেন, কোনো কিছুই এখন আর অল্প পয়সায় পাওয়া যায়না। খাদ্য দ্রব্যের দাম আকাশচুম্বি, ঢাকায় বাড়ি ভাড়াও বাড়ছে। আমরা আছি কোথায়? আজকে সকলকে মানুষের পক্ষে দাঁড়াতে হবে। নইলে জনগণ মাটির সাথে মিশে যাবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা ব্যারিস্টার সারোয়ার হোসেন ও ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বার্তাবাজার/এসজে