গ্রাম্য দলাদলি নিয়ে সংঘর্ষ: ৬ পুলিশসহ আহত অর্ধশতাধিক

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে কুমারপট্টি গ্রামের এসকেন মাতুব্বরের সাথে হারুন মাতুব্বরের দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল। এই দুই মাতুব্বর গ্রাম্য দু’টি গ্রুপের নেতৃত্ব দেন। কোনো সুত্রপাত ছাড়াই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজেদের গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে স্থানীয় মাঠের মধ্যে জড়ো হয়। একপর্যায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। পরে এ সংঘর্ষে আশপাশের কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশ নেয়। সংঘর্ষের সময় ৫টি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে উত্তেজিত সংঘর্ষকারীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। আতঙ্ক আর ভয়ে এ এলাকার নারী ও শিশুদের এদিক ওদিক ছুটাছুটি করতে দেখা যায়।

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টাকালে সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়। এছাড়া সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত অর্ধশাধিক ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও ২টি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ সময় ৬ জন পুলিশ সদস্য আহত হয়। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর