নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রক্টর ড. ফরহাদ হোসেনের নামে। তবে যে গাড়ি ব্যবহার করছেন সেটি বংশানুক্রমে পাওয়া বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, জরুরি কাজে ও বিশেষ মূহুর্তে একজন প্রক্টর বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করতে পারবে। কিন্তু শেকৃবির প্রক্টর মোহাম্মদপুরের বসিলা এলাকায় নিজস্ব বাড়ি নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের চালকসহ একটি গাড়ি ব্যবহার করছেন। যেটা সকাল থেকে রাত অবধি তার ব্যক্তিগত কাজেই নিয়োজিত থাকছে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দায়িত্বে থাকা প্রকৌশলী মোমেনুল আহসান কিছুই জানেননা বলে দাবি করেন। অথচ কে কোন কাজে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করছেন সেটা জানা তার দায়িত্ব ছিল।
তবে অভিযুক্ত ড. ফরহাদ হোসেন জানান, আমাদের আগের প্রক্টর মিজান সাহেব বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিজের কাজে ব্যবহার করেছেন। আমিও তার মতই ব্যবহার করছি। এটা অনেকটা বংশানুক্রমে পাওয়ার মত।
বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মিজানুর রহমান জানান, আপনি রেজিস্টার খাতা চেক করতে পারেন। আমি শুধুমাত্র টহলের কাজে গাড়ি ব্যবহার করতাম। সার্বক্ষণিক কখনই করিনি। বর্তমান প্রক্টর নিজের দোষ আড়াল করতে এসব মিথ্যাচার করছেন।
বার্তাবাজার/এসজে