ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্যের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা সম্প্রতি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন।

কাদের মির্জার এসব বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার যেন অন্ত নেই। এরই মাঝে তার বক্তব্য সম্পর্কে অগ্রজ ওবায়দুল কাদের বলে দিয়েছেন, শৃঙ্খলা ভাঙলে পার পাবেনা কেউই।

তবে তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন, আব্দুল কাদের মির্জা সেতুমন্ত্রীর ভাই হওয়ায় তার বক্তব্য বেশি প্রচার হয়েছে। আওয়ামী লীগে এমন বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আব্দুল কাদের মির্জা যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা তিনি ইতোমধ্যেই দিয়েছেন। বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন যে, তিনি কেবল নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়ে কথা বলেছেন। সারাদেশের জাতীয় রাজনীতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ড. হাছান মাহমুদ আরও বলেন, আমাদের দলে যে গণতন্ত্র আছে, সবার মত প্রকাশের অধিকার আছে, সেটা প্রমাণিত হয়েছে মির্জা আব্দুল কাদেরের বক্তব্যে। তারমত এমন অভিমত এর আগে অনেকেই ব্যক্ত করেছেন। আমাদের দলের সাধারণ সম্পাদকের ছোট ভাই বলে তারটা বেশি প্রকাশ হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর