কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়েছে এপিবিএনের (আর্মস পুলিশ ব্যাটালিয়ন) ২ সদস্য। আহতরা হলেন- সাইফ ইকবাল রিয়েল (২৩) ও মাকদাদুর রহমান (২২)। তারা বগুড়া এপিবিএনের সদস্য।
বুধবার বিকেলে সদর ইউনিয়নের নলেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামে মাদক ব্যবসায়ী শওকত আলী (৬০) ও তার ছেলে এরশাদ আলীর (৩৭) বাড়িতে মাদক উদ্ধার করতে গেলে তারা অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় ২ এপিবিএন সদস্য।
এ ঘটনা দেখতে পেয়ে কিছু দূরে থাকা এপিবিএনের অপর দুই সদস্য এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপলেক্সের নিয়ে আসে।
হামলায় সাইফের হাত ও পা ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপলেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম। আহতদের উন্নত চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী হাসপাতালে থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিমুল নামের এক যুবককে আটক করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান বার্তা বাজারকে জানান, তিনি ঘটনার কথা শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
বার্তাবাজার/এ.আর