কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, সাংবাদিক সরকার রকীব আহমেদ জুয়েলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলার জামতলা মোড়ে ভূরুঙ্গামারী প্রেসক্লাব, ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমি, ভূরুঙ্গামারী শিল্পী সমিতি, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথ ভাবে এই মানব বন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, অধ্যক্ষ আব্দুল্লা-হিল বাকি, সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রোকনুদ্দৌলা রাসেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারী (রোববার) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড কাউন্সিল করতে যাওয়ার সময় উক্ত ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সরকার রকীব আহমেদ সহ চারজনের উপর হামলা চালায়। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে ঐ দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়।
বার্তাবাজার/এ.আর