বাণিজ্যিকভাবে আগামী ৫ বছর বিদেশে আর কোনো ইলিশ রপ্তানীর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ইলিশ রপ্তানি করা যৌক্তিক হবে না। এখনো গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না। তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ার সুযোগ করে দিতে চাই। তারপর ইলিশ রপ্তানির কথা ভাবা যাবে।
তিনি আরও বলেন, গত ১২ বছরে সরকারের সুব্যবস্থাপনার কারণে ইলিশ উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে। আমরা অবৈধ জাল নির্মূলে কাজ করেছি, ইলিশ নিয়ে গবেষণা করা হয়েছে। ডিম ছাড়ার সময় কোনোভাবেই ইলিশ মাছ ধরতে দেয়া হয়নি, জাটকা নিধন বন্ধ করা হয়েছে। এছাড়া চোরাইপথে ইলিশ ধরা বন্ধ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এবছর আকাশপথে পর্যবেক্ষণ করা হয়েছে, আমরা মাঠে গিয়েছি। এসবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
রেজাউল করিম আরও বলেন, শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে একটানা ১২ বছর সরকার পরিচালনার সুযোগ দেওয়ায় আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না আসলে বাংলাদেশে হয়তো তলাবিহীন ঝুড়ি অথবা দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হওয়া বা প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্র হিসেবে পরিগণিত হতো।
বার্তাবাজার/এসজে