ইবি শিক্ষককে হত্যার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০১/০১/২০২১ তারিখ দুপুর ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকায় মেঘনা ভবনের তৃতীয় তলায় (পূর্ব ব্লক) বসবাসকারী আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হােসেনকে একই ভবনে বসবাসকারী ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাছিমুজ্জামান অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন মর্মে তার আবেদনে উল্লেখ করেছেন। ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক রিপাের্ট পেশ করার জন্য মাননীয় উপাচার্য নিম্নোক্তভাবে কমিটি গঠন করেছেন।

উক্ত কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাে: মামুনুর রহমানকে আহবায়ক, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক ড. মােহা: জাহাঙ্গীর হােসেনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া এ কমিটিকে ০৩ (তিন) সপ্তাহের মধ্যে রিপাের্ট পেশ করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর