আমরা রাস্তা-খাল পরিষ্কার করবো, তদারকি করবে স্থানীয়রা: আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, জনগণকে বলে যাচ্ছি, যে রাস্তা, যে খাল আমরা পরিস্কার করে দিবো, সেই খাল এবং সেই রাস্তা যেন আপনারা তদারকি করবেন। সেই অঙ্গীকার আপনাদের থেকে আমরা চাই। সে দায়িত্ব আমি দিয়ে গেলাম।

আজ (বুধবার) বেলা ১১টায় রাজধানীর কুনিপাড়ায় তেজগাঁও উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়ক উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, “আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে এক বছর আগেও কিন্তু এখানে দাঁড়িয়ে কথা বলা যেত না। আমি নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানেও এসেছিলাম। তখন আমি বলেছিলাম এই এলাকার এই অবস্থা কেন। আজ এই জায়গায় সেই দুরবস্থার অবসান হলো।

মেয়র আরো বলেন, আমরা চাই এই ঢাকাকে একটি সুন্দর ঢাকায় রূপান্তরিত করার জন্য। আমরা জানি যে, আমাদের অনেক সমস্যা আছে। কিছু সমস্যা মানুষের তৈরি। আমরা দেখেছি কিভাবে রাস্তাগুলোকে দখল করে রাখে”।

খাল পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, আপনারা জানেন যে আমরা এক তারিখে খালের দায়িত্ব পেয়েছি। আমি ইব্রাহিমপুর খালের সামনে যখন দাঁড়ালাম, তখন দেখি খালের দৈর্ঘ্য হচ্ছে ৬০ ফিট, যখন ফিতা দিয়ে মাপলাম, ওই খাল আর ৬০ ফিট নাই। ওই খাল হয়ে গেছে মাত্র ১০ ফিট। তাহলে বৃষ্টি হলে পানি যাবে কোথায়? সেই পানি বিভিন্ন রাস্তায় চলে যাবে। আমি কালশি খাল ও গোদাখালী খাল থেকে ২০০ ট্রাক ডাবের খোসা উদ্ধার করেছি। এইখান থেকে জাজিম ৩৬টি, টেলিভিশন, ফ্রিজ সবকিছু খালে পেয়েছি”।

সম্প্রতি চালু হওয়া ইউটার্ন প্রসঙ্গে মেয়র বলেন, আমরা টোটাল ১০টি ইউটার্ন নির্মাণ করবো। ইতিপূর্বে তিনটি ইউটার্ন নির্মাণ করা হয়েছে, সম্প্রতি আরও তিনটি ইউটার্ন খুলে দেওয়া হয়েছে। আরো চারটি নির্মাণাধীন। সবগুলো ইউটার্ন চালু হলে এর সুফল পাওয়া যাবে।

রাজধানীর কুনিপাড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি’র) মেয়র মোঃ আতিকুল ইসলাম তেজগাঁও উত্তরা মটরস থেকে কুনিপাড়া রানার্স পর্যন্ত সড়ক উন্নয়ন শেষ হওয়ায় উদ্বোধন করেন। ২ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করা সড়কটির দৈর্ঘ্য ৬৫৬ মিটার; এতে ৬৫৬ মিটার পাইপ ড্রেন এবং ৫৯০ মিটার ফুটপাতও রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ সফি প্রমূখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর