বাড়ির উঠানে প্রতিবেশীর হেলে পড়া গাছের ডাল কাটার অপরাধে কৃষক জামাল হাওলাদারকে (৫৫) পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় বাবার মার ফেরাতে গিয়ে মেয়ে তাসলিমা বেগমও (৩৫) আহত হন প্রতিপক্ষের হাতে।
মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত জামাল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েকে ভর্তি করা হয়েছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আহত জামাল হাওলাদারের ছেলে ওমর আলী বার্তা বাজারকে জানান, বাড়ির ঊঠানে প্রতিবেশী হামিদ ঘরামীর একটি গাছ হেলে পড়ে। সেই গাছের ডাল কাটার কারণে তার ছেলে আলী হোসেনসহ কয়েকজন তার বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। বাবাকে মারতে দেখে বোন তাসলিমা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, জামাল হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বার্তা বাজারকে জানান, ঘটনা শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এ.আর