সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচিত পিতা-পুত্র হত্যা মামলার আসামী মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে (৪০) পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। আটক মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ী গ্রামের শাহ-জাহানের ছেলে।
বুধবার (৬ জানুয়ারী) দুপুরে সহকারী পুলিশ সুপার শাহিনূর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে রান্ধুনিবাড়ি চরে আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে আসামীরা গুলি ছোড়ে। এসময় আমরা আলোচিত নৌ ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদ শিকদার হত্যা মামলার অন্যতম আসামী মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসাসহ তাকে আটক করা হয়।
তিনি বার্তা বাজারকে আরও জানান, আটককৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় ২ টি অস্ত্র, ২টি ডাকাতি ও ১টি হত্যা মামলা রয়েছে।
আজ দুপুরে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি চরে নৌ ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদি শিকদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল বাদী হয়ে বেলকুচি থানায় এজাহারভূক্ত ১২ আরো অজ্ঞাতনামা ১০জনকে আসামি করে মামলা করেন।
বার্তাবাজার/এ.আর