ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানায় কর্মরত এসআই (উপ-পরিদর্শক) আরিফ হোসেন মল্লিককে মাদক সেবনের অপরাধে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দিনব্যাপী পল্লবী থানায় বিষয়টি নিয়ে আলোচনার অন্ত ছিল না।
জানা যায়, সম্প্রতি ডিএমপিতে কর্মরত হাজারেরও বেশি পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। সেখানেই ধরা পড়ে এসআই আরিফের মাদক সংশ্লিষ্টতা। ডিএমপির তালিকা মতে, আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়াও পুলিশের এই কর্মকর্তার নামে মাদকের সাথে জড়িত অনেক অপরাধের অভিযোগ আছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে পাওয়া তথ্যে জানা যায়, মাদক ব্যবসায়ীদের সাথে তার বেশ দহরম মহরম সম্পর্ক। থানায় আধিপত্য বিস্তার করে বেশ কিছুদিন দাপটের সাথে চলাফেরা করেছেন তিনি।
একটি সুত্রে জানা গেছে, পল্লবী থানাধীন বিহারী ক্যাম্পগুলো মূলত মাদকের কেন্দ্র হিসাবে কাজ করে। রাজধানীর একাংশে মাদকের রমরমা বাণিজ্য এসব ক্যাম্পকে ঘিরেই চলে। এসব জায়গায় নিয়মিত যাতায়াতের সুবাধে ঘনিষ্ঠতা বেড়ে যায় মাদক ব্যবসায়ীদের সাথে। এক সময় নিজেও বনে যান মাদকসেবী।
তবে চাকরিচ্যুতের বিষয়টি এড়িয়ে আরিফ জানান, সোমবার তাকে রাজারবাগে ক্লোজড করা হয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ জানান, আরিফের চাকরিচ্যুতির কথা শুনেছি। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র এখনও পাইনি।
বার্তাবাজার/এসজে