ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজ বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে কোতোয়ালী থানার পশ্চিম আলিপুর জনৈক খোকা পীরের বাড়ীর বিপরীতে মাসুদের বাড়ী সংলগ্ন তার অটোর গ্যারেজের ভিতরে মাটি খুঁড়ে ২টি প্যাকেটে দেশীয় মাদকদ্রব্য ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

ডিবি পুলিশের এস.আই আইয়ুব আলী-এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মাসুদ আহমেদ (৫৩) ও শেখ নুর মোহাম্মদকে (৩৫) আটক করে।

তারা পুলিশের কাছে জানায়, এই গাঁজা কুষ্টিয়া থেকে বিক্রির জন্য আনা হয়েছে। গত এক বছরে মাদক উদ্ধারের ঘটনায় এটা বড় চালান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ সংক্রান্ত বিষয়ে আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান। তিনি বলেন, ফরিদপুরে মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার বার্তা বাজারকে বলেন, আমরা পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম স্যারের নির্দেশনায় ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর