সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ জানুয়ারি পর্দা উঠছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন লিগের তৃতীয় আসরের। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পায় বাংলাদেশের ছয় ক্রিকেটার।
তারা হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, মুক্তার আলি ও নাসির হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে জাতীয় দলের পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের টি-টেন লিগে খেলতে দিবে না তা আগেই জানা ছিল।
এই ছয়জনের মধ্যে জাতীয় দলের পরিকল্পনায় নেই মুক্তার আলি ও নাসির হোসেন। তাই তাদের টি-টেন খেলতে কোনো সমস্যা নেই। এরই মধ্যে টি-টেন খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুক্তার আলি।
অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে আবেদন করবেন নাসির। বিসিবি টি-টেন খেলার অনুমতি দেবে বলেই আশা করছেন নাসির। নাসির অনুমতি পেলে টি-টেনে তাকে দেখা যাবে পুনে ডেভিলসের জার্সিতে। অন্যদিকে মুক্তারকে দেখা যাবে মারাঠা অ্যারাবিয়ান্সের জার্সিতে।
বার্তাবাজার/এস.জি