পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেয়েছে দেশের আলোচিত ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বুধবার (৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের দায়িত্বে থাকা ড. আসিফ মাহমুদ।
তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিএমআরসিতে প্রটোকল জমা দেওয়ার পরে শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল। চলতি মাসেই (জানুয়ারি) আমাদের ‘বঙ্গভ্যাক্স’ নামের ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা সম্ভব।
এর আগে ২০২০ সালের জুনে সংবাদ সম্মেলনের আয়োজন করে করোনার টিকা তৈরির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। অক্টোবরে তারা জানায়, সম্ভাব্য ভ্যাকসিনটি ইঁদুরের গায়ে প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে।
এছাড়া প্রথম দিকে তাদের উৎপাদিত ভ্যাক্সিনের নাম ‘ব্যানকোভিড’ রাখার ঘোষণা দেওয়া হলেও গত ডিসেম্বরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গভ্যাক্স’।
বার্তাবাজার/এসজে