রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোই মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সেনাবাহিনী কতৃক বল প্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত এবং দেশচ্যূত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অভিবাসী হিসেবে প্রবেশ করে। এখন তাদের দেশে ফেরত পাঠানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাস্তুচ্যুত রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের কিভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে, এবং আমাদের কূটনৈতিক তৎপরতা জোরদার রয়েছে।

এসভায় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

কামাল জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল কার্যক্রমের সমন্বয় করা হবে। এবং এখানকার সকল পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী এবং এপিবিএনের দুটি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার এবং র‌্যাবও কাজ করছে। মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশ মুখ্য ভূমিকা পালন করবে। আর ক্যাম্পের বাইরে সেনাবাহিনী টহল দেবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর