প্রবাসী কর্মীরা যেন যথাযোগ্য মর্যাদা ও নিরাপত্তা পায় এ ব্যাপারে অভিবাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের সাথে সাথে তাদের সখল প্রকার সেবার মান নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের মানুষও কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে।
বুধবার (৬ জানুয়ারি) ১১টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানের গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।
শেখ হাসিনা অনুরোধ করে বলেন, প্রবাসী শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে রিক্রুটিং, এজেন্ট, ও আমাদের মন্ত্রণালয়, আপনারা মনে রাখবেন এদেশের মানুষও কিন্তু মানুষ, সুতরাং তাদের সেভাবে মর্যাদা দিতে হবে।
প্রবাসী কল্যাণ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশ যাচ্ছেন, তারা কর্মসংস্থান ঠিক মতো পাচ্ছে কি না, তাদের নিরাপত্তার কোন ঘাটতি আছে কি না, বিশেষ করে মেয়েরা, যারা বিদেশ যায়, তাদের নিরাপত্তার বিষয়ে সবাইকে কঠোর নজরদারি করতে হবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করে শেখ হাসিনা বলেন, এ মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন, বিদেশে কর্মী পাঠানোর সাথে যেসব সংগঠন যুক্ত আছেন, তারা সকলে সর্বোচ্চ দায়িত্বশীলভাবে কাজ করবেন।
বার্তাবাজার/ই.এইচ.এম