পাকিস্তানে ধর্ষণের শিকার হওয়া নারীদের কুমারিত্ব পরীক্ষা নিষিদ্ধ করল দেশটির আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি আদালত কর্তৃক এ রায় দেয়া হয়।
আদালতের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার কর্মীরা। এ রায়টি শিগগিরই কার্যকর করা হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। যার ফলে, ওই প্রদেশে ধর্ষণের ঘটনায় কোনও নারীকে ‘টু ফিঙ্গার টেস্ট’-এর মতো জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক বলেন, এ ধরনের পরীক্ষা খুবই ‘অসম্মানজনক’ এবং ফরেনসিক মূল্য ছিল না। মানবাধিকার কর্মীদের দুটি পিটিশনের ভিত্তিতে এমন রায় আসলো।
এদিকে ধর্ষণের ঘটনায় কুমারিত্ব পরীক্ষা করা এমন জঘন্য পরিস্থিতি বন্ধের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মানবাধিকারকর্মীরা। তারা চেয়েছিলেন একবার ধর্ষণের স্বীকার হওয়া নারীকে যেনো আবার এমন বিব্রতকর পরিস্থিতিতে না পড়তে হয়।
পাকিস্তানের বেশ কিছু প্রদেশেও এ ধরনের রায় ঝুলে আছে। সেখানেও মানবাধিকার কর্মীরা কুমারিত্ব পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে।
বার্তাবাজার/ই.এইচ.এম