প্রসূতীর মৃত্যুর পর পালাল হাসপাতাল কর্তৃপক্ষ

বরিশাল নগরীতে এক প্রসূতীর মৃত্যুর পর হাসপাতাল সংশ্লিষ্ট সবাই পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের অবহেলায় মারা গেছেন প্রসূতি আন্নি আক্তার (২২)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ৭টার দিকে বরিশাল শহরের সদর রোডে অবস্থিত বেঙ্গল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটেছে।

মৃত আন্নি আক্তার কাঠপট্টি এলাকার সামিউল ইসলামের স্ত্রী। সামিউল বরিশাল সিটি করপোরেশনে অস্থায়ী কর্মচারী হিসাবে কর্মরত আছেন।

আন্নির স্বজনরা জানায়, মঙ্গলবার বিকালে আন্নিকে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করা হয় হাসপাতালটিতে। ডা. আফিয়া সুলতানার তত্ত্বাবধানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশন থিয়েটারে রেখেই চিকিৎসক জানান আন্নির জরায়ূতে টিউমার পাওয়া গেছে। সেটি অপারেশন করে সরাতে হবে।

তখন রোগীর যাতে কোনো ক্ষতি না হয় সেই শর্তে অপারেশনের জন্য রাজি হন স্বজনরা। সেইমতে আন্নি ভাল আছে জানিয়ে অপারেশন করেন চিকিৎসকরা।

এরপর সন্ধ্যায় চিকিৎসকরা জানায়, আন্নির অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান অনেক আগেই মারা গেছেন আন্নি।

এ ঘটনায় আন্নির মরদেহ নিয়ে স্বজনরা আবারও বেঙ্গল হাসপাতালে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। সবাই পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসকের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. রাসেল জানান, অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর