শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে মালিকদের এগিয়ে আসার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর
শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী আজ খুলনা মহানগরীর একটি হোটেলে শ্রমিকদের পুষ্টিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে আঞ্চলিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা পুষ্টিকর খাবার গ্রহণ করে সুস্থ থেকে কর্মে নিয়োজিত থাকলে কারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষের হাতেই উন্নয়নের চাবিকাঠি। সুষম খাদ্য উৎপাদনও তাদের হাতেই। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে ১৮(১) অনুচ্ছেদে পুষ্টির বিষয়টি সংযুক্তির জন্য তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণকে মালিক ও শ্রমিকদের নিয়ে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কারখানায় উৎপাদন বৃদ্ধির স্বার্থে মালিকগণকে কারখানার সুন্দর পরিবেশ, শ্রমিকের পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসম্মত ক্যান্টিনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুষ্টিমান বজায় রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে যে কোনো কর্মসূচিতে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মঞ্জুরুল মোর্শেদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ডা. মোস্তাফিজুর রহমান এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার মনিরুজ্জামান বিপুল।
বার্তাবাজার/এ.আর