সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির নির্দেশ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সকল বিভাগীয় উপ-সচিব ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠানো নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে।

আরও বলা হয়, অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সন্তানসম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত রাখা থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।

এছাড়া, করোনাভাইরাসের কারণে বেসরকারি কিন্ডারগার্টেন বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসব শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে, সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর