ঈশ্বরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সোহাগী বাজারে ওই অভিযান চালানো হয়।

উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারের অভ্যন্তরে ড্রেন ও রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিলো কিছু লোকজন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার উচ্ছেদ অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাঈদা পারভীন।

সড়কের অংশ থেকে স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দেখেন ড্রেন দখল করে ও শেড ঘর দখল করে দোকানপাট রেখেছেন স্থানীয় লোকজন। ওই অবস্থায় অন্তত ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ড্রেন দখলমুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাঈদা পারভীন বার্তা বাজারকে বলেন, দীর্ঘ দিন ধরে দখল হয়ে থাকা জায়গা গুলোর স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। অন্তত ২০টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পূণরায় কেউ যেনো দখল করতে না পারে সে জন্য নিয়মিত তদারকি ও অভিযান চলবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর