বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে বরের চাচার মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আজহার মীর (৬৫) নামে বরের এক চাচা নিহত হয়। আহত হয় অন্তত ২২ জন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত মৌজে আলীর ছেলে।

জানা যায়, বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের সাথে কিছুদিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের বিয়ে হয়। দু’দিন আগে আনুষ্ঠানিকভাবে নতুন কনে নিয়ে আসার পরে মঙ্গলবার (৫ জানুয়ারি) বরের বাড়িতে আয়োজন করা হয় বৌভাতের।

কনে বাড়ি থেকে ৪৮ জন অতিথি বৌভাত অনুষ্ঠানে অংশ নেয়। সেখানে খাবারে গরুর মাংস কম দেওয়ায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা থেকে হাতাহাতি ও এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়ায়। এসময় বরের চাচা আজহার মীর গুরুতর আহত হয়ে মারা যান। বাকিদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অতিরিক্ত কমিশনার জানান, ঘন্টাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর