তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে পাঁচ জনকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে তিন লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) কাশিমপুরের দক্ষিণ পানিশাইল বটতলা এলাকায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে দিনব্যাপী পরিচালিত অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়। এসময় অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ তুলে জব্দ করা হয়।
অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ বাড়িওয়ালাকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইনে সর্বমোট তিন লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বার্তা বাজারকে জানান, আজ (মঙ্গলবার) কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল বটতলা এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। আজকের (মঙ্গলবার) অভিযানের দ্বারা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপ লাইন উচ্ছেদ হয়েছে, তাতে এক হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
তিনি বার্তা বাজারকে আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারায় পাঁচটি মামলায় সর্বমোট তিন লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক সুমন দাস, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাশিমপুর থানার উপ-পরিদর্শক দিপঙ্কর এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর