জামিন পেলেন হাজী সেলিমের ছেলে

ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে দুই মামলায় জামিন দিয়েছেন আদলাত। র‍্যাবের ভ্রাম্যামাণ আদালতের এই মামলায় কারাদণ্ড পেয়েছিলেন ইরফান সেলিম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রতি সপ্তাহে হাজিরা দেওয়ার শর্তে এই জামিন দেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিশ্চিত করেন ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ।

তিনি বলেন, ইরফান সেলিমকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় আদালত এই জামিন আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর ইরফান সেলিমকে অবৈধভাবে ওয়াকিটকি ও বিদেশি মাদক রাখায় যথাক্রমে ৬ মাস ও ১ বছরের কারাদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর আগে ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন ইরফান সেলিম। পরদিন এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।

বার্তাবাজার।এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর