ঘরে ভিক্ষুক স্ত্রী-কন্যা রেখে আ’লীগ নেতা পান সমাজসেবার পুরস্কার!

করোনাকালে নিজের স্ত্রী-কন্যাসহ পরিবারের ১৩ সদস্যকে ভিক্কুক, ভবঘুরে শ্রেণির লোক হিসাবে অন্তর্ভুক্ত করে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ওএমএস ডিলারশিপ হারানো আওয়ামী লীগ নেতাকে দেওয়া হয়েছে সমাজসেবায় বিশেষ পুরস্কার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমকে এই পুরস্কার দেওয়ায় সারা শহরজুড়ে জন্ম হয়েছে ব্যপক সমালোচনার। শনিবার (২ জানুয়ারি) এই পুরস্কার প্রদান করা হলেও সমালোচনার সৃষ্টি হয় রোববার (৩ জানুয়ারি)।

এই ঘটনায় ২৪ ঘন্টার ভেতর কারণ দর্শানোর জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসকে।

জানা যায়, সমাজসেবা দিবস-২০২১ উপলক্ষে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমের হাতে পুরস্কার তুলে দে। এর পর এই পুরস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইতে শুরু করে তুমুল সমালোচনা।

এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস জানান, মো শাহ আলম সমাজসেবা মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন সমাজকর্মী। ১৯৮৮ সালের বন্যা, ১৯৯৪ সালে বস্তি উন্নয়ন করার কাজে তিনি ব্যপক অবদান রাখেন। ২০০১ সালেও তিনি সফল সমাজকর্মী হিসাবে সম্মাননা পান। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত তিনি অন্ধকল্যাণ সমিতির নেতৃত্বে আছেন। এছাড়া বুদ্ধিপ্রতিবন্ধিদের নিয়েও কাজ করায় তার বিশেষ অবদান আছে। এসব বিষয় উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

অভিযুক্ত মো. শাহ আলম জানান, আমি ধর্ণা দিয়ে এই সম্মাননা পাইনি। তারাই আমাকে সম্মাননার জন্য বাছাই করেছে। আমার বিরুদ্ধে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

উল্লেখ্য, করোনাকালে সরকারের দেওয়া বিশেষ ওএমএস চাল বিতরণ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন মো. শাহ আলম। জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক পদে অধিষ্ঠিত এই নেতা ভিক্ষুক ও ভবঘুরে শ্রেণির জন্য বরাদ্দকৃত চাল বিতরণে নিজের স্ত্রী-কন্যাসহ পরিবারের ১৩ সদস্যের নাম অন্তর্ভুক্ত করেন। এমন অনিয়মের কারণে গত মে মাসে তার ওএমএস ডিলারশিপ বাতিল হয়ে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর