ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। আগামী ৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দুইদল। তৃতীয় টেস্টে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে ভারত।
ইনজুরিতে পড়ে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। অনুশীলনের সময় কবজিতে চোট পান তিনি। যার ফলে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
প্রথম দুই টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি রাহুল। অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে। এর আগে ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হয়ে গেছে ভারতের দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবের।
বোলারদের পর এবার প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল। রাহুল ছিটকে গেছেন তার জায়গায় আছেন পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল ও হনুমা বিহারী। এছাড়াও তৃতীয় টেস্টের দলে আছেন ওপেনার রোহিত শর্মা।
বার্তাবাজার/এস.জি