আজ একনেকে নতুন পুরাতন ৬টি প্রকল্প

চলতি অর্থবছরের ২০তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ সভায় নতুন পুরাতন মিলিয়ে ৬টি প্রকল্পে প্রায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন দিবে সরকার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে শুরু হতে যাচ্ছে একনেক বৈঠক। এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সূত্র থেকে জানা যায়, এসকল প্রকল্পের মধ্যে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ৬ মাস করা হবে, নতুন করে বরাদ্দ দেয়া হবে ২৪৯ কোটি ৮১ লাখ টাকা।

এদিকে দ্বিতীয় বারের মতো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে বরাদ্দ দেয়া হচ্ছে ৭১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। সুন্দরবন সুরক্ষা প্রকল্পে বরাদ্দ দেয়া হতে পারে ১৫৭ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টাকা।

ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগ স্থাপনে দরকারি যন্ত্রপাতি ক্রয় করতে চূড়ান্তভাবে অনুমোদনের জন্য তোলা হবে একনেক সভায়। যার সম্ভাব্য ব্যয় প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা।

এছাড়া দেশের ২৬টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পেও অনুমোদন দিতে যাচ্ছে সরকার। যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০৩ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা।

একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য ছয়টি প্রকল্পের আনুমানিক প্রাক্কলিত ব্যয় হতে পারে ৩ হাজার ৯৮১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকা। যার সিদ্ধান্ত হবে আজ অনুষ্ঠিতব্য একনেক সভায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর