মাদকাসক্ত পিতার হাতে প্রাণ গেল ৭ মাসের শিশু সন্তানের

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৭ মাসের শিশু সন্তানকে মাটিতে আছাড় মেরে এবং মাথা ফ্লোরের সাথে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে মাদকাসক্ত পিতা।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে আজমপুরের দক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল শেরপুর জেলার শ্রীবরদি থানার ও রহিমা বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। তারা দুইমাস আগে দক্ষিণখান থানাধীন আনল নামক স্থানে আবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রহিমা বেগম ও রফিকুল ইসলাম বিগত পাঁচ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই দম্পতির কোল জুড়ে আসে আব্দুল কাদের জিলানী ওরফে রাব্বি (৭মাস) নামের এক ছেলে সন্তান। সংসারের অভাব অনটনে রিক্সা চালক নেশাখোর রফিকুল ইসলাম ও রহিমা প্রায়শই ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। সোমবার সকাল আনুমানিক ৯.৩০ টার দিকে তারা প্রচন্ড ঝগড়া মারামারি শুরু করলে বাড়ীওয়ালা আবুল মিয়া তাদের বাসা থেকে বের করে দেন। এক পর্যায়ে রফিকুল ইসলামের কথিত ফুপু ফিরোজা বেগমের মধ্য-আজমপুরের দক্ষিণখান ভাড়া বাসায় আশ্রয় নেন।

দুপুরে এক পর্যায়ে রহিমা ও রফিকুলের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হলে রফিকুল তার স্ত্রীর বাম চোখে ঘুষি মেরে দুগ্ধপানরত অবস্হায় শিশু পুত্র রাব্বীকে মাটিতে আছাড় মারে এবং মাথা ফ্লোরের সাথে আঘাত করতে থাকে। পরে এলাকাবাসীর সহায়তায় শিশু রাব্বিকে উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।

এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি (অপারেশন) মোঃ আফতাব উদ্দিন বার্তা বাজারকে জানান, শিশুটিকে শেরে-বাংলা নগর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমার দ্রুত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর