বিচার হয়না বলেই ধর্ষণ বাড়ছে: ডা. জাফরুল্লাহ

দেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ, খুন, গুম বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব এলাকায় পটুয়াখালীর দুমকীতে প্রধান শিক্ষকের মাধ্যমে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে রাষ্ট্রে খুন-গুম ধর্ষণ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ধর্ষকরা অপরাধ করেও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং নির্যাতিতদের হুমকি-ধামকি দিচ্ছে। আজকে জাতি প্রতিটি ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ কেবল মেয়ে ও ছেলেদের ওপরেই নয়, ধর্ষণ অর্থনীতিতে অনেক বেশি।

তিনি আরও বলেন, একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই জাতি ধর্ষণের কবল থেকে রক্ষা পেতে পারে। ধর্ষক প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর