নির্বাচন সুষ্ঠু হলে পালানোর পথ পাবেন না: ওবায়দুল কাদেরের ভাই (ভিডিওসহ)

সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীর এমপিরা পালানোর জন্য দড়জা খোঁজে পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা।

গত ৩১ ডিসেম্বর নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্ত্বরে আসন্ন পৌর নির্বাচনের ইশতেহার ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। তার বলা এসব কথা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দলীয় কিছু নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নোয়াখালীর মানুষজন বলে, শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। এটা সত্য। কিন্তু আপনাদের জনপ্রিয়তা বাড়েনি। আপনারা প্রতিদিন ভোট কমান। টাকা দিয়ে বড় জনসভা করা, মিছিল করা কোনো ব্যাপার নয়। টাকা দিলে, গাড়ি দিলে আমিও অনেক লোক জড়ো করতে পারব। না হয় রাজনীতি থেকে বিদায় নেব।

তিনি বলেন, বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের কিছু কিছু চামচা নেতা আছেন, যাঁরা বলেন অমুক নেতা তমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে। সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে তিন-চারটা আসন ছাড়া বাকি আসনে আমাদের এমপিরা দরজা খুঁজে পাবে না পালানোর জন্য। এটাই হলো সত্য কথা। সত্য কথা বলতে হবে। আমি সাহস করে সত্য কথা বলছি।

বিএনপির ব্যারিস্টার মওদুদু আহমেদ ও জামাতের আবু নাছেরসহ ওবায়দুল কাদের নাম উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালীর রাজনীতি অতি কষ্টের। এই বৃহত্তর নোয়াখালীতে আমাদের নেতা ওবায়দুল কাদের, মওদুদ সাহেব (বিএনপির মওদুদ আহমদ), আবু নাছের সাহেব (জামায়াতের)—এই তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ, তাঁদের সমমর্যাদার কেউ নেই। কোনো নেতা সৃষ্টি হয়নি। এখন তো ওবায়দুল কাদের, মওদুদ আহমদের নাম বিক্রি করি। তাঁরা তিনজন তো অসুস্থ, তাঁরা মারা গেলে কার নাম বিক্রি করবে, কেউ নাই।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত হয়েছেন। এইবারসহ তিনি মোট ৩ বার পৌর নির্বাচনে দলের সমর্থন পেলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর