ভারত হতে পেঁয়াজ আমদানির খবরে লোকসানে বিক্রি হচ্ছে চীন, তুরস্ক, ইউক্রেন, নেদারল্যান্ড ও মিশর থেকে আমদানি করা অন্য দেশের পেঁয়াজ।
সোমবার (৪ জানুয়ারি) দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অধিকাংশ আড়তদার লোকসান হলেও অন্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করে দেয়ার চেষ্টা করেছেন।
ব্যবসায়ীরা বার্তা বাজারকে জানান, প্রায় প্রতিটি আড়তেই চীন, তুরস্ক, ইউক্রেন, নেদারল্যান্ড ও মিশর থেকে আমদানি করা হাজার হাজার বস্তা পেঁয়াজের মজুদ। ভারতীয় পেঁয়াজ বাজারে প্রবেশ করেছে এই সংবাদ পেয়ে অধিকাংশ আড়তদার লোকসান হলেও অন্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করে দেয়ার চেষ্টা করছেন। কিন্তু পেঁয়াজের দাম আরও কমবে এই আশায় খুচরা বিক্রেতারা তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
সোমবার খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়। বিপরীতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা, তুরস্কের পেঁয়াজ ২০ টাকা এবং নেদারল্যান্ড ও চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা কেজিতে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন চীন, তুরস্ক, নেদারল্যান্ড ও মিশর থেকে পেঁয়াজের আমদানিকারকরা। মাসখানেক আগে ৪০ থেকে ৪৫ টাকায় এসব দেশ থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু গত দুই সপ্তাহ ধরে এর দাম কমে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। তবে গতকাল রোববার (৩ জানুয়ারি) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির খবর খাতুনগঞ্জে পৌঁছাতেই চীন, তুরস্ক, ইউক্রেন, নেদারল্যান্ড ও মিশরের পেঁয়াজের দাম কমে ঠেকেছে ১৪ টাকায়; দেশি পেঁয়াজের দাম নেমে এসেছে ৩০ থেকে ৩৫ টাকায়।
খাতুনগঞ্জে মেসার্স গোলাম ব্রাদার্সের ম্যানেজার মোহাম্মদ বার্তা বাজারকে বলেন, বাজারে খুব বেশি ভারতীয় পেঁয়াজ প্রবেশ না করলেও এর খবরে পেঁয়াজ বাজারে অস্থিরতা তৈরি করে দিয়েছে। এখন অধিকাংশ পাইকারি বিক্রেতা দাম আরও পড়ে যাওয়ার ভয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। খুচরা বিক্রেতারাও আরও কমে পেঁয়াজ পাবেন সে আশায় বাজারমুখী হচ্ছেন না। এভাবে চলতে থাকলে অধিকাংশ বিদেশি পেঁয়াজ আড়তেই পচে যাবে।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসার খবরে সাধারণ জনগণ ভাবছে পেঁয়াজের দাম কমে যাবে; আসলেও তাই হচ্ছে। ব্যবসায়ীরা ভয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন এবং লোকসানের সম্মুখীন হচ্ছেন।
উল্লেখ্য, প্রায় তিন মাস ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত শনিবার পুনরায় ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ৩১টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পেঁয়াজ দেশের বাজারে প্রবেশ করেছে।
বার্তাবাজার/এ.আর