ফরিদপুরের বোয়ালমারীতে ইট ভাটায় মাটি টানার একটি গাড়ির ধাক্কায় বাদল মুন্সি (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া বোয়ালমারী পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের সোতাশি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত বাদল মুন্সি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী ও নরসিংদী জেলার রোমান মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের সোহেল শেখ ও তার ভগ্নিপতি বাদল মুন্সি সাতৈর বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সোতাশি ব্রিজের ওপর থেকে দশ চাকার একটি ড্রাম ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় সামনে থেকে আসা ভাটায় মাটি টানা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায় দুই আরোহী। পরে পিছন থেকে আসা দশ চাকা ড্রামের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক বাদল ঘটনাস্থলেই মারা যায়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা বাদলের শ্যালক সোহেল শেখ (৩৫) প্রাণে বেঁচে যান। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন বার্তা বাজারকে জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এ.আর