ভূরুঙ্গামারীতে আ. লীগের কাউন্সিলে লাঞ্ছিত ৪, সভাপতিসহ বহিস্কার ৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়ার্ড কাউন্সিল করতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমর্থকদের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের ৪ নেতা। এ ঘটনায় ওই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৫ জনকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে আসামী করে রোববার রাতেই থানায় একটি মামলা দায়ে করা হয়েছে। ১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, গত ৩ জানুয়ারী বিকেলে উপজেলার ২ নং শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই মাদরাসা মাঠে ৯ নম্বর ওয়ার্ড (উত্তর তিলাই গ্রাম) কাউন্সিল সম্পন্ন করতে যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক সরকার রকীব আহমেদ, আওয়ামী লীগ নেতা ও প্রধান শিক্ষক সাইফুর রহমান এবং প্রভাষক বদরুল আলম। তাঁরা শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারের কাছাকাছি পৌঁছলে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা কাউন্সিল সম্পন্ন করতে যাওয়া ব্যক্তিদের বহনকারী গাড়ি আটকিয়ে তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ঘটনায় ১৩ জনকে আসামী করে রোববার রাতেই থানায় একটি মামলা দায়ে করা হয়েছে। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ৫ জনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আজ সোমবার ভূরুঙ্গামারী থানা পুলিশ ১ জনকে আটক করেছে। এ ঘটনায় উপজেলা জুড়ে নিন্দার ঝড় ওঠেছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ বার্তা বাজারকে জানান, আলতাফ হোসেনের নেতৃত্বে গুটি কয়েক নেতা-কর্মী দীর্ঘদিন থেকে বিভিন্ন রকমের অপকর্ম করে আসছে। কাউন্সিলে তাদের পদ না থাকার ভয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহা: আতিয়ার রহমান মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান,এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর