যাত্রীবেশে বাসে ডাকাতির সময় নারী ডাকাত আটক

দিনাজপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নাইট কোচে যাত্রী সেজে ওঠে ডাকাতি করার সময় নাজমুন নাহার রিপা (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের নবাবগঞ্জ এলাকায় রোজিনা পরিবহন নামে একটি বাসে ডাকাতি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি ধারালো চাকুও উদ্ধার করা হয়।

ডাকাতির ঘটনায় আহত হয়েছেন তিনজন। তারা হলেন, ঠাকুরগাঁও এর জুয়েল রানা, রানীশংকৈলের অলিন ও নবাবগঞ্জের জামাল হোসেন। আটককৃত নাজমুন নাহার রিপা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সেলিম শেখের স্ত্রী।

এ বিষয়ে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রোজিনা পরিবহনের বাসটি ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল যাচ্ছিল। তখন অন্য যাত্রীদের সাথে ৮ জন ডাকাতও যাত্রী সেজে ওঠে। বাসটি গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর আসার সময় বাসের যাত্রীদের অস্ত্রের মুখের জিম্মি করে ডাকাতি শুরু করে তারা।

এসময় ডাকাতের দল চালককে তার আসন থেকে ওঠিয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাসটি। কাটাবাড়িয়া এলাকায় পৌঁছলে বাসটির এক সহকারী লাফিয়ে পড়ে যায়। ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশকে জানায় ঘটনাটি। ফোন পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ওই বাসের পিছু নেয়।

এদিকে বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নবাবগঞ্জ থানার পুলিশকে নিয়ে মহাসড়কের দলার দরগা বাজারে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। বিষয়টি টের পেয়ে মতিহারা বাজারের কাছে একটি ব্রিজের পাশে বাসটি রেখে ডাকাত দল পালিয়ে যায়। তখন ধাওয়া করে ডাকাতদলের ওই নারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এসময় ওই নারী ডাকাত ও গাড়ি থেকে মোট ৫টি চাকু উদ্ধার করা হয়। পাশের একটি ক্ষেত থেকে একটি রক্তাক্ত চাকুও উদ্ধার করা হয়। আটককৃত নারীকে নবাবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর